গত রবিবার ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেন এ অভিনেত্রী । বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ক্যান্সারের দীর্ঘমেয়াদী চিকিৎসার পর এখন বেশ ভালো আছেন তিনি।

গত রবিবার (৭ নভেম্বর) ছিল ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।

তিনি লিখেন, “যারা বর্তমানে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে তাদের ভালোবাসা জানাই। সবার সাফল্য কামনা করছি। আমি জানি, এ যাত্রা অনেক কঠিন। কিন্তু বিশ্বাস রাখবেন, আপনারা তার চাইতেও বেশি কঠিন। আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা।”

মনীষা আরও বলেন, “আমার সেই যুদ্ধের সময়গুলোতে আমি ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে বেড়াতাম। ঘাসের ওপর হাঁটতে ভালবাসতাম, বিছানায় বসে জানালা দিয়ে আকাশ, মেঘ, সূর্যোদয়, সূর্যাস্ত দেখলেই আমার মন ভালো হয়ে যেত। আমি জানতাম না আগামীকাল আমি বেঁচে থাকব কি-না তাই প্রতিটা মুহূর্তকে আমি উপভোগ করতাম।”

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের দিনগুলোতে নিজের পরিবারকে সব সময় পাশে পেয়েছিলেন মনীষা। তাই ক্যান্সার রোগীদের সাহস না হারানোর পরামর্শ দেন এ অভিনেত্রী। জানান, অসহনীয় শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি হাল ছাড়েননি।

মনীষা কৈরালা ২০১২ সালে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন। ২০১৫ সালে ক্যান্সারমুক্ত হন তিনি।