নিউজিল্যান্ডের একটি শপিংমলে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শনিবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আডার্ন এসব জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে সন্দেহভাজন এক হামলাকারী অকল্যান্ডের নিউলিন মলের কাউন্টডাউন সুপারমার্কেটে দোকানের তাকে প্রদর্শনীর জন্য রাখা ছোরা তুলে নিয়ে আশপাশের সবাইকে নির্বিচারে আঘাত করতে শুরু করে। এর মিনিটখানেকের মধ্যে পুলিশের গুলিতে হামলাকারী ওই শ্রীলঙ্কানের মৃত্যু হয়।

শুক্রবার আডার্ন সুপারমার্কেটে হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ অ্যাখ্যা দেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলেও সেসময় জানিয়েছিলেন তিনি।

শনিবার আডার্ন সাংবাদিকদের বলেন, ছুরি হামলায় আহতের মোট সংখ্যা ৭। সুপারমার্কেটে হামলাকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত ছিল বলে জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী। ২০১১ সাল থেকে নিউজিল্যান্ডে বসবাস শুরু করা ওই শ্রীলঙ্কান গত ৫ বছর ধরেই বিভিন্ন সংস্থার নজরদারিতে ছিলেন।

আদালতের নিষেধাজ্ঞার কারণে সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ও পরিচয়ের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে নিউলিন শপিংমলে ছুরি হামলার ঘটনার একদিন পর নিউজিল্যান্ডের সুপারমার্কেট গ্রুপ কাউন্টডাউন জানিয়েছে, তারা তাদের সব দোকানের তাক থেকে ছুরি ও কাঁচি সরিয়ে নিচ্ছে। কাউন্টডাউনের নিরাপত্তা বিষয়ক মহা ব্যবস্থাপক কিরি হানিফিন জানান, গত রাতে আমরা আমাদের তাক থেকে সব ছুরি ও কাঁচি সাময়িক সময়ের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি, এগুলো আমরা আর বিক্রি করবো কিনা, তাও বিবেচনা করা হচ্ছে। আমরা চাই, আমাদের কর্মীরা যখন কাজে আসবেন, তখন যেন তারা নিরাপদ বোধ করেন। পাশাপাশি অন্য সুপারমার্কেট চেইনও তাদের তাক থেকে ছুরি সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।