তালেবানের বেঁধে দেওয়া সময়সীমা ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এই প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে কার্যক্রমে গতি আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, যত দ্রুত আমাদের লোক নিয়ে আসা যায় ততই মঙ্গল। কারণ আফগানিস্তানে এখন হুমকি বাড়ছে। তালেবান আমাদের লোকদের ফিরিয়ে দিতে পদক্ষেপ নিয়েছে, তাদের কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে থাকতে হবে।
গেল ১০ দিনে দেশটি থেকে ৭০ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে দেশ ছাড়তে মরিয়া আফগানদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেয় তালেবান। একই সঙ্গে কর্মজীবী আফগান নারীদের নিরাপত্তার শঙ্কায় আপাতত ঘর থেকে বের না হতেও নির্দেশনা জারি করে গোষ্ঠীটি।
এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানের সঙ্গে তালেবান নেতা মোল্লা বারাদারের গোপন বৈঠকের খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশ ছাড়তে মরিয়া সাধারণ আফগানদের ঢল কাবুল বিমানবন্দরে। শুধু তাই নয়, প্রায় সাড়ে চার হাজার মার্কিন এবং ব্রিটিশ সেনা সদস্য মোতায়েন থাকা সত্ত্বেও নৈরাজ্য আর বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে গোটা বিমানবন্দর এলাকায়। উদ্দেশ্য একটাই তালেবানের হাত থেকে বাঁচতে বিভিন্ন দেশের বিমানে করে দেশত্যাগ।
এই যখন অবস্থা তখন বিমানবন্দর এলাকায় সাধারণ আফগানদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান। একই সঙ্গে দেশের মেধাবী এবং পেশাজীবী শ্রেণিকে দেশ ছাড়তে উৎসাহিত না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের দেশের তরুণ মেধাবীদের দেশত্যাগে উৎসাহিত করছে। তাদের নিজেদের বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। এতে করে আফগানিস্তান মেধাবীশূন্য হয়ে যাচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই নীতি থেকে সরে আসে। এ দেশের মেধাবীদের কোনোভাবেই দেশত্যাগ করা উচিত নয়। তাদের এ দেশের প্রয়োজন।
এ ছাড়া কর্মজীবী আফগান নারীদের আপাতত ঘর থেকে বের না হতে নির্দেশনা জারি করেছে তালেবান। দেশটির রাষ্ট্রব্যবস্থা এবং সঠিক কর্মপরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নারীদের ঘরেই অবস্থান করার পরামর্শ দেয় গোষ্ঠীটি।
এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে তালেবান নেতা মোল্লা বারাদারের গোপন বৈঠকের খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। যদিও দু’পক্ষের কেউই এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি।
সূত্র: বিবিসি, আলজাজিরা
