চিত্রনায়িকা সিলভি আজমী চাঁদনী আজ ৬ জুলাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বগুড়ার একটি হাসপাতাল সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রজোযক ও পরিচালক বিপ্লব শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভি আজমী চাঁদনী।

শরীফ বলেন, ‘আমার তত্ববধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেকদিন। অবশেষে তিনি আজ সকালে ইন্তেকাল করেন।’

২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সিলভি আজমী চাঁদনী। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে নায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী।

এছাড়াও তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ৬টি সিনেমা করেছেন। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।