মৌলভীবাজারের বড়লেখায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার,কৃষি হবে দুর্বার’ প্রতিপাদ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি।
সোমবার (২৮ জুন) দুপুরে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে
উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। সরকার চায় কৃষকের উন্নয়ন। কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।
উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন,সরকার আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। জমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমাণে ফলাতে মনোযোগী হতে হবে।
উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিদেরকে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে মন্ত্রী বলেন,মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দকে জনসচেতনতা সৃষ্টির কাজে সম্পৃক্ত করতে হবে। এসময় তিনি মাস্ক বিতরণ কার্যক্রম জোরদারের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
সভায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ,উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত প্রমুখ।
