মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউপিস্থ মিয়ারকান্দি এলাকা থেকে জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগান, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের ৩নং মুন্সিবাজার ইউপিস্থ মিয়ারকান্দি গ্রামের মোঃ শাহজাহান মিয়া ও তার স্ত্রী জেনি আক্তার এর মধ্যে পারিবারিক কলহের সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নির্দেশে ২২ জুন মঙ্গলবার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার সাধারণ ডায়রী নং-১০৪৭, তারিখ-২২/০৬/২০২১ইং মূলে রাজনগর থানা এলাকায় জরুরী সেবা-৯৯৯ মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

বিষয়টি অনুসন্ধানকালে মোঃ শাহজাহান মিয়ার বসত ঘরের শেষ কক্ষের ফ্লোরের নিচে ঢাকা স্থানে লুকিয়ে রাখা একটি কাপড়ের শপিং ব্যাগের ভেতরে থাকা ১ একটি দেশীয় তৈরি পুরাতন পাইপগান , দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার এলজি (পাইপগান), একটি কাঠের হাতল বিশিষ্ট রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে এবং মোঃ শাহজাহান মিয়াকে উক্ত আলামত এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে এসব আলামতগুলো অবৈধভাবে মজুদ রেখেছে বলে স্বীকার করে এবং তাকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে গ্রেফতারকৃত শাহজাহান মিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।