মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধলাই নদীর চৈত্রঘাট এলাকায় বালু উত্তোলন নিয়ে হারুন মিয়া গংদের সাথে সোলেমান মিয়া গংদের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। আহতরা হলেন- সোলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০), করিম উদ্দিন (৪৫) ও সুলতান মিয়া (৪২), আলতাফ আলী (২১) রশিদ মিয়া (৩৫) ও জসিম আহমদ (৩২)।এদের মধ্যে গুরুত্বর আহত করিম উদ্দিন ও সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
