অভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে বিরোধীদের গণঅসহযোগ আন্দোলনে সমর্থন দেয়া প্রায় ১০০ কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। ফাঁস হওয়া দেশটির আভ্যন্তরীণ দলিল উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জাপান টাইমস।

এতে বলা হয়, জান্তা সরকারের এই নির্দেশ অমান্য করেছেন অনেক কূটনীতিক। তারা যে দেশে দায়িত্বে ছিলেন, সেখানেই নিজের দেশের পক্ষে প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তারা মিয়ানমারে গণতান্ত্রিক শক্তির পক্ষে সমর্থন দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।

দেশে ফেরার জন্য যেসব কূটনীতিককে নির্দেশ দেয়া হয়েছে তারা প্রায় ২০টি দেশে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে আছে জাপান, যুক্তরাষ্ট্র, বৃটেন এবং সিঙ্গাপুর। কূটনৈতিক সূত্রগুলো বুধবার বলেছেন, অভ্যুত্থানের প্রতিবাদে দায়িত্ব পালন থেকে বিরত থাকায় এরই মধ্যে টোকিওতে নিযুক্ত মিয়ানমার দূতাবাসের দু’জন কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে।

২৬শে ফেব্রুয়ারি অনানুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাইওয়া মোয়ে তুন। তাকে বরখাস্ত করা হলেও তিনি সেই বরখাস্ত আদেশ অগ্রাহ্য করেছেন। পাল্টা মিয়ানমারে গণতান্ত্রিক শক্তিগুলোকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে মিয়ানমার দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি থেট তার মাইয়া ই সান দ্য ওয়াশিংটন পোস্টে ২৯ শে এপ্রিল একটি মতামত কলাম লিখেছেন। এতে তিনি লিখেছেন, এই দূতাবাসে তিনি এবং অন্য তিনজন কূটনীতিক সিদ্ধান্ত নিয়েছেন সামরিক জান্তার বিরোধিতা ঘোষণার। তিনি বলেছেন, এটা এক কঠিন সিদ্ধান্ত।

একটি অদৃশ্য সীমার বাইরে চলে যাচ্ছি। এটা এমন এক সিদ্ধান্ত যা তার জীবনকে বদলে দিতে পারে। তবে তিনি লিখেছেন, আমার বিশ্বাস আছে আমরা বিজয়ী হবো। ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মার্চে সামরিক অভ্যুত্থানের সমালোচনা করেছেন বৃটেনে মিয়ানমারের রাষ্ট্রদূত কাইওয়া জাওয়ার মিন। তাকে আর দূতাবাসে ঢুকতে দেয়া হচ্ছে না।