মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যখন ১৭ কোটি বাংলাদেশী প্রস্তুতি নিচ্ছেন, তখন সুবর্ণজয়ন্তী উদযাপনের সেই রং যেন গায়ে মাখলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। প্রথা ভেঙ্গে বাংলায় দেশবাসীকে স্বাধীনতার ৫০ বছরের শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, ১৯৭১ সালে ভারত ও বাংলাদেশের মাঝে যে বন্ধুত্বের শুরু হয়েছিলো, তা আজও অব্যাহত। আর এ যাত্রাকে আরো অংশীদারমূলক, সুন্দর ও মসৃণ রাখতে বাংলাদেশের গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাপূর্ণ মাসটি একসাথে উদযাপন করতে পেরে গর্বিত বলে জানান বিক্রম কে দোরাইস্বামী। তিনি বলেন, ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ অংশীদারিত্ব বজায় রাখতে চেষ্টা করবো আমি।
ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী দিনগুলোতে ভারত সবসময় বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করবে যে তারা ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ভারত কতটা ভালোবাসে ও শ্রদ্ধা করে।
বাংলাদেশের গণমাধ্যমকে ভারতের অংশীদার উল্লেখ করেন হাইকমিশনার বলেন, বাংলাদেশের গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্ক ও অংশীদারিত্ব নিয়ে অত্যন্ত সরব ও শক্তিশালী। আমরা আগামী দিনগুলোতে বাংলাদেশের গণমাধ্যমের সাথে নিবিড়ভাবে সহযোগিতা ও সম্পর্ক রেখে যেতে চাই।
শুরুর মতো সবাইকে চমকে দিয়ে নিজের বক্তব্য শেষ করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মন্ত্র ‘জয় বাংলা’ দিয়ে। প্রত্যাশা করলেন বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব চিরজীবী হবার।
এর আগে জাতীয় প্রেসক্লাবে নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। উদ্বোধন শেষে মিডিয়া সেন্টার পরিদর্শন করেন তিনি।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
