ঘরের মাঠে শক্তিশালী দল নিয়েও ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে বিরাট কোহলিকে। পরাজয়ের সেই রেশ না কাটতেই এবার নতুন করে বিতর্কে জড়ালেন ভারতের অধিনায়ক।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ইনিংস চলাকালীন আম্পায়ারকে অশোভন সম্বোধন করেছেন কোহলি। রবিচন্দ্রন অশ্বিনের বলে রান নিচ্ছিলেন জফরা আরচার। তখন আম্পায়ার নীতিন মেননকে উদ্দেশ্য করে কোহলি বলে ওঠেন– ‘ওয়ে মেনন, সোজা রানও ওরা পিচের মাঝখান দিয়ে দৌড়ে নিচ্ছে। কী হচ্ছে এসব?’
হিন্দিতে কোহলির এই কথা পুরোটাই স্টাম্পমাইকে ধরা পড়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই সমালোচনার ঝড় উঠেছে।
অনেকেই বলেছেন, আম্পায়াররা কি কোহলির বন্ধু নাকি যে এভাবে ‘ওয়ে মেনন’ বলে ডাকবেন?
কোহলির থেকে যিনি বয়সে এত বড়, তাকে এভাবে ‘তুই’ বলে সম্বোধন করা কতটা সমীচীন সেই প্রশ্নও করেছেন অনেকে।
