মিয়ানমারের অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো মানুষ বিক্ষোভে জড়ো হয়েছে। আজ রবিবার হাজারের বেশি মানুষ দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে বিক্ষোভে অংশ নেয়। সামরিক অভ্যুত্থানের প্রায় এক সপ্তাহ পর দেশটিতে সাধারণ মানুষ বিক্ষোভে নামে। এদিকে বিক্ষোভ প্রতিহত করতে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার সামরিক সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

আজ রবিবার ইয়াঙ্গুন ছাড়াও মাওলামাইন এবং মান্ডালায় ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে। বিক্ষোভকারীরা লাল বেলুন হাতে নিয়ে বিক্ষোভে নামে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমরা সামরিক স্বৈরশাসক চাই না। আমরা গণতন্ত্র চাই’ বলে স্লোগান দিয়েছে। নারী, পুরুষ ছাড়াও বিক্ষোভে বহু তরুণ অংশ নিয়েছে। তাদের হাতে রয়েছে আটক নেত্রী অং সান সু চির ছবি। অনেকের প্ল্যাকার্ডে লেখা, আমাদের ভোটকে সম্মান করুন।

এ সময় মিও উইন (৩৭) নামের এক বিক্ষোভকারী বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র না পাচ্ছি ততক্ষণ আমরা বিক্ষোভ চালিয়ে যাব এবং দাবি থেকে সরব না।

এর আগে গতকাল শনিবার কারখানার শ্রমিক, ছাত্রসহ হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে অং সান সু চির মুক্তি দাবি করে। তারা ইয়াঙ্গুনের রাস্তায় পদযাত্রার সময় রাস্তায় থাকা বাসগুলো হর্ন বাজিয়ে তাদের প্রতি সমর্থন জানায়। পথচারীরা তিন আঙুল উঁচিয়ে ‘হাঙ্গার গেমস’ স্যালুট প্রদর্শন করে। হাঙ্গার গেমস সিনেমায় দেখানো এই প্রতীকটি ওই অঞ্চলে প্রতিবাদ প্রকাশের ভাষা হয়ে উঠেছে।

গত সোমবার ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী দেশজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়। এরপর দেশে ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়। ফলে সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন স্তরের জনগণ তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

গত বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারপর থেকেই মূলত দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রথম থেকেই সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছে। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেই মূলত সোমবার ক্ষমতা দখল করে সেনাবাহিনী। একই সঙ্গে দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়।