আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান টেস্ট অধিনায়ক হিসেবে বেশি রান সংগ্রহের তালিকায় পাঁচ নম্বর পজিশনে রয়েছেন। অধিনায়ক হিসেবে ইতিমধ্যে ৫৬ টেস্টে অংশ নিয়ে ৫ হাজার ২২০ রান করে পঞ্চম পজিশনে কোহলি। ৫ হাজার ২৩৩ রান নিয়ে চতুর্থ পজিশনে রয়েছেন ক্লাইভ লয়েড।
ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে আর মাত্র ১৪ রান করলেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডকে ছাড়িয়ে যাবেন কোহলি। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় ৪ নম্বরে উঠে আসবেন তিনি।
টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বশি ৮ হাজার ৬৫৯ রান করে শীর্ষে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার স্মিথ। ৬ হাজার ৬২৩ রান করে দ্বিতীয় পজিশনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার, ৬ হাজার ৫৪২ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং।
আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজে আর মাত্র একটি সেঞ্চুরি করলেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়য়ে যাবেক কোহলি। অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ৪১টি করে সেঞ্চুরি করেছেন পন্টিং-কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। ইতোমধ্যে ২৫১ ওয়ানডে ও ৮৭ টেস্টে অংশ নিয়ে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন বিরাট কোহলির পক্ষেই সম্ভব কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙা।
