শীত বাড়ায় রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগ থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
১৫ মাসের মেয়ে নুহাকে নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে আসেন মা মার্জিয়া। গত ৩ দিন ধরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছে শিশুটি।
শিশুর মা মার্জিয়া বলেন, চারদিন ধরে আমার মেয়ে ঠান্ডায় ভুগছে। পরে এখানে নিয়ে আসি তারা এক্সরে করে বলছে, ওর নিউমোনিয়া ধরা পড়ছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর শিশু হাসপাতালের জরুরি বিভাগে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু। রোগীর চাপ বাড়ায় অভিভাবকদের দাড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে।
তবে, আতঙ্কিত না হয়ে শিশুদের বিশেষ যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকদের।
ঢাকা শিশু হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. সুলতানা ইয়াসমীন বলেন, শীতের সময়ে ভাইরাসের প্রবণতা বেড়ে যায়। বাচ্চাদের যেহেতু রোগপ্রতিরোধ কম, সে জন্য ওদের বেশি অ্যাটাক করে।
শীত বাড়ায় হাসপাতালে গত কয়েক দিনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
