ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ ছেড়ে স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাসানচরমুখী হওয়ায় স্থানীয়দের মধ্যে ফিরছে স্বস্তি। তবে রোহিঙ্গা সংকট নিরসনে তাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনই স্থায়ী সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা। তাদের আশ্রয় দিতে গিয়ে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষিজমি। এখনও স্বদেশে প্রত্যাবাসন না হওয়ায় ৩ বছরের বেশি সময় ধরে এসব রোহিঙ্গার বসবাসে সীমাহীন দুর্ভোগে কক্সবাজারের স্থানীয়রা। অনেকেই হারিয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও আয়ের উৎস।

কয়েকজন স্থানীয়রা জানান, তারা (রোহিঙ্গা) বিভিন্ন গ্রামে-গঞ্জে ঢুকে পড়েছে। একই সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে।

তবে উখিয়া ও টেকনাফে স্থানীয়দের ওপর চাপ কমাতে কিছুসংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় এখন স্বেচ্ছায় ভাসানচরমুখী হচ্ছে রোহিঙ্গারা।

কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, ভাসানচরে নেওয়ার জন্য যে জায়গাগুলো খালি হচ্ছে সেখানে নতুন বনায়ন তৈরি করা হলে পরিবেশের কিছুটা উন্নয়ন ঘটবে।

আর প্রত্যাবাসন পরিষদের নেতারা বলছেন, রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এই উদ্যোগ মিয়ানমার থেকে আসতে হবে।

উখিয়া ও টেকনাফ আশ্রয়শিবিরগুলো থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে দু’দফায় ভাসানচর গেছে ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গা।