আসন্ন আসরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো স্কোয়াড গোছানো শুরু করে দিয়েছে। গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে পুরনো স্কোয়াড থেকে কাদেরকে দলে রাখা হচ্ছে এবং কাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানে রাজস্থান রয়ালসের স্কোয়াডে দেখা যায়নি গত আসরে দলটিকে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথের নাম। গত আসরে লজ্জাজনক পারফরম্যান্সের জন্য অজি তারকাকে ছেড়ে দিয়েছে দলটি।
আসন্ন আসরের জন্য নতুন অধিনায়কও ঠিক করে ফেলেছে রাজস্থান। দলটির অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ভারতীয় তারকা সাঞ্জু স্যামসনকে।
স্টিভ স্মিথ ছাড়া রাজস্থান নিলামের জন্য ছেড়ে দিয়েছে টম কারান ও ওশান থমাসকে। তবে জস বাটলার, বেন স্টোকস, জফরা আর্চার, অ্যান্ড্রু টাইদের ধরে রেখেছে দলটি।
