সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি আত্মহত্যার ঘটনায় এক কারারক্ষীকে বহিস্কার, ২ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

৩ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো: কামাল হোসেন, হবিগঞ্জ এর জেল সুপার মো: জাকির হোসেন ও মৌলভীবাজারের ডেপুটি জেলার মো: বেলাল হোসেন। আর বহিস্কারকৃত কারারক্ষীর নাম মো: আইনুল হক এবং মামলার অভিযুক্ত ২ কারারক্ষী হচ্ছেন প্রাণ গোপাল ও মো: বদরুল আলম। আজ রবিবার (১০ জানুয়ারী) বিকেল ৩টা ৪৪ মিনিটে এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় জেল সুপার মো: আব্দুল জলিল এর সাথে যোগাযোগ করলে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুবেল মিয়া কারাগারে নিজ সেলের ভেতরে আত্মহত্যার চেষ্টা চালান। মুমুর্ষু অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, মারা যাওয়া রুবেল মিয়া (২৮) একটি হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। ৪ বছর ধরে তিনি সিলেট কারাগারে শাস্তি ভোগ করছেন। শনিবার ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়। রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। তার কয়েদি নং- ৪০১০/এ। তিনি জানান, এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে বহিস্কার ও ২ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ মিডিয়া/সিন্টু-১০