জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ বর্তমান জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ বলেছেন, বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক ও সামাজিক প্রজ্ঞায় বিশ্ববাসির হৃদয়ে শ্রদ্ধার পাত্র হয়ে বেঁচে রয়েছেন। বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাঁর দৃঢ় প্রত্যয়ই তাকে বিশ্বের কাছে অবিসংবাদিত সাহসী বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
১৯৭২ সালের ১০ জানুয়ারি ঢাকা বিমান বন্দর থেকে বঙ্গবন্ধুকে বহনকারী গাড়িতে অন্যান্য জাতীয় নেতাদের সাথে থাকা আ.স.ম. ফিরোজ স্মৃতিচারণ করে বলেন, ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে লন্ঠন-দিল্লী হয়ে ১০ জানুয়ারি যখন ঢাকা বিমান বন্দরে পৌঁছান তখন ঢাকার রাস্তায় লাখো মানুষের ঢল। জয়বাংলা স্লোগানে আকাশ- বাতাস মুখরিত, ঢাকার মাটি প্রকম্পিত। বিমান বন্দর থেকে দুটি গাড়ির একটিতে বঙ্গবন্ধুকে নিয়ে রেডক্রোস ময়দানে আসতেছিল। অন্য গাড়িটিতে সাংবাদিকরা ছিলেন। আমি সৌভাগ্যবান অন্যান্য নেতাদের সাথে আমিও ওই গাড়ি বহরে ছিলাম।
অনেক কষ্ট করে বিমান বন্দরে ঠুকে ছিলাম। বঙ্গবন্ধুকে কাছে পেয়ে কি যে আনন্দ, কি যে উচ্ছাস ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ওই সময় যারা ছিলেন, তাদের অনেকেই এখন প্রয়াত। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশেকে সোনার বাংলা করা। তার স্বপ্ন ছিল স্বাধীন বাংলার মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন আজ বাস্তবে রুপ দিয়েছেন। আজ বাউফলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে ” বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস” পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. ফিরোজ এমপির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় তিনি ওই স্মৃতিচারণ করেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর হুমায়ুন কবীর, জীতেন্দ্র নাথ রায়, রিয়াজ উদ্দিন-সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, সহসভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, যুবলীগ সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
