অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নতুন এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন।
এ মামলায় ডিআইজি বজলুর রশিদের বিরুদ্ধে ২২ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন বিচারক। ওই দিন মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন সাক্ষ্য দেওয়ার পরে আংশিক জেরা করেন। পরে অসমাপ্ত জেরা শেষ করতে ৭ জানুয়ারি ঠিক করেন বিচারক। তবে এদিন তিনি অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ঠিক করেন আদালত। মামলায় দুদকের পক্ষে মোট ১৬ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে চার্জশিটটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন।
রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের রূপায়ন হাউজিং স্টেট প্রকল্পে অ্যাপার্টমেন্টের মূল্য বাবদ তিন কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন বজলুর রশিদ। পরিশোধিত টাকার বৈধ কোনো উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগপত্র দেয় দুদক। গতবছরের ২০ অক্টোবর দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর বজলুর রশিদকে গ্রেফতার করে সংস্থাটি।
