সিলেট বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ২২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ৬ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেছে। এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রোগীর শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১৮ জন সিলেট জেলার এবং বাকি ৪ জন সুনামগঞ্জে থেকে সুস্থ হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগী সিলেট জেলার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ২০১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩০ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন ও ১ জন করে হবিগঞ্জে ও মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৬২৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৬ জন।