ইতালীয় লিগ সিরিআতে জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে উড়ে গেল পার্মা। শনিবার রাতে ঘরের মাঠে জুভেন্টাসের কাছে ‘এক হালি’ গোল হজম করেছে পার্মা। শোধ করতে পারেনি একটিও। রোনাল্ডোর গোল ছাড়া বাকি দুটি গোল এসেছে কুলুসেভস্কি ও আলভারো মোরাতার পা থেকে।

প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে জয়ের আগে নিজেদের মাঠে আটালান্টার সঙ্গে ড্র করেছিলেন তুরিনের বুড়োরা। ম্যাচের ২৩তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন সুইডিশ মিডফিল্ডার কুলুসেভস্কি। বাঁ দিক থেকে মোরাতার নিখুঁত ক্রসে বল পেয়ে বাঁ পায়ের শট নেন কুলুসেভস্কি। বল সাঁই করে ঢুকে পড়ে পার্মার জালে।

এই গোলোৎসবের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোলের দেখা পায় জুভেন্টাস। এবার স্কোরার আগের ম্যাচে আটালান্টার বিপক্ষে পেনাল্টি মিস করা রোনাল্ডো। ম্যাচের ২৬তম মিনিটে মোরাতার উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আন্দ্রে পিরলোর দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও একবার বাড়িয়ে নেন জুভিরা। এবারও স্কোরার রোনাল্ডো। র্যা মজির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ সুপারস্টার। এটি নিয়ে সিরিআতে রোনাল্ডোর গোল হলো ১২টি।

৮২তম মিনিটে রোনাল্ডোকে তুলে নিয়ে ফেদেরিকো চিয়েসাকে নামান কোচ পিরলো। এর ৩ মিনিট পর ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে হেডে পার্মার জালে এক হালি পূরণ করেন মোরাতা। ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ নিয়ে ১৩ ম্যাচে ৭ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে গোলের ব্যবধানের কারণে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৩ ম্যাচে পঞ্চম হার দেখা পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে।