চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না গত মৌসুমে ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখের। গত সাত ম্যাচের প্রতিটিই দেখা গেছে প্রথম গোল হজম করে দলটির পিছিয়ে পড়তে। শনিবার বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের বিপক্ষের ম্যাচেও ঘটল সেই ঘটনা। আর এবারও দলকে জয়ে ফেরালেন ফিফার বর্ষসেরা ফুটবলার রবের্ত রবার্ট লেভানডফস্কি।
লেভানডফস্কির জোড়া গোলে লেভারকুজেনকে ২-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। ১৪তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিকের বাঁ পায়ের শটে এগিয়ে যায় লেভারকুজেন।
৪৩তম মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে বায়ার্ন। টমাস মুলারের ক্রসে হেডে বল জালে জড়ান এই পোলিশ ফরোয়ার্ড। ১-১ সমতাতেই বিরতির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে নেমে গোলের দেখা পাচ্ছিল না দুদলের কেউ। তবে ৭৯তম মিনিটে জামাল মুসিয়ালার প্রচেষ্টাটি বায়ার্ন সমর্থকদের হৃদয় কাঁপিয়ে দেয়। তার নেয়া শট ভাগ্যগুণে বায়ার্নের পোস্টে লেগে ফিরে আসে। খেলার শেষ পর্যায়ে এলে মনে হচ্ছিল ড্র নিয়েই ঘরে ফিরবেন আটবারের চ্যাম্পিয়নরা।
তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দৃশ্যপট পাল্টে দেন লেভানডফস্কি। জসুয়া কিমিচের এসিস্টে বল পেয়ে ডান পায়ের শটে জয়সূচক গোল করেন রবার্ট লেভানডফস্কি। রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের দল। আসরে সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কির এ নিয়ে গোল হলো ১৭টি। এই জয়ের পর ১৩ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বায়ার্ন। দুইয়ে নেমে যাওয়ার লেভারকুজেনের পয়েন্ট ২৮।
