ব্রাজিলের মিনাস প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বাসটি সড়ক থেকে ছিটকে ৭০ ফুট নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (৪ ডিসেম্বরের) দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন।

ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওভারপাস থেকে যাত্রীবাহী বাসটি নিচে রেললাইনের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ।

বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে।

মিনাসের গর্ভনর এক টুইটবার্তায় একে মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ব্রাজিলের পরিবহন সংস্থার তথ্য মতে, দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় ৩০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।