মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হার নিশ্চিত হওয়ার সম্ভাবনা জাগতেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্যে ট্রাম্প অভিযোগ করেছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতি হয়েছে। আর এই দাবী সবচেয়ে বেশিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেই তুলেছেন। এবার তার ফলও পেতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় ফলোয়ার কমতে শুরু করেছে ট্রাম্পের!

ট্রাম্পের পোস্টের ওপর নজরদারি করা ফ্যাক্টবেস জানায়, এখন পর্যন্ত ১ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন ট্রাম্প। আর ট্রাম্পের ফলোয়ার যতো কমেছে ততই ফলোয়ার বেড়েছে জো বাইডেনের। বর্তমানে জো বাইডেনের ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ। অন্যদিকে ১৮ নভেম্বর থেকে প্রতিদিন ১ হাজার করে ফলোয়ার হারিয়েছেন ট্রাম্প। সংবাদ মাধ্যম সিএনএনের এক সাংবাদিক এ প্রসঙ্গে বলেন, টুইটারে ফলোয়ার সংখ্যা কখনোই গুরুত্বপূর্ণ কিছু হতে পারেনা তবে ট্রাম্পের ফলোয়ার সংখ্যার এরকম পতন সত্যিই লক্ষ্য করার বিষয়।

ফ্যাক্টবেসও জানাচ্ছে, ১৮ নভেম্বর থেকে মাসের বাকি দিনগুলোতে ব্যাপক হারে ফলোয়ার কমেছে ট্রাম্পের।