নতুন কৃষি আইনের প্রতিবাদে পায়ে হেঁটে ও ট্রাক্টরে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন কয়েক হাজার কৃষক। নতুন কৃষি আইনের প্রতিবাদে ভারতের কয়েকটি রাজ্যের কৃষকেরা ‘দিল্লি চলো’ আন্দোলন করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পায়ে হেঁটে এবং ট্রাক্টরে দিল্লির পথে যাত্রা করেন উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবসহ ৬ রাজ্যের কয়েক হাজার কৃষক। বিক্ষোভে অংশ নিচ্ছে কৃষকদের প্রায় ৫শ সংগঠন। বিক্ষোভে বাধা দিতে হরিয়ানার সঙ্গে সীমান্ত বন্ধ করে পাঞ্জাব সরকার। হরিয়ানায় কৃষকদের পথরোধ করতে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড নদীতে ফেলে দিয়ে আবারও অগ্রসর হয়। এ সময় কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং জলকামান ছোঁড়ে পুলিশ। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
হরিয়ানার পুলিশকে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দিয়েছে হরিয়ানার বিজেপি শাসিত সরকার। বন্ধ করে দেয়া হয়েছে দিল্লির সীমান্ত। দিল্লিতে মেট্রো এবং আশপাশের শহরে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মধ্য প্রদেশ থেকে দিল্লি যাওয়ার পথে সমাজকর্মী মেধা পাটকারকে আটক করা হয়।
