বলিউডের করণ জোহর আর বিতর্ক- একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। চলার পথে বহু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আবার কখনো বিতর্কে জড়িয়েছেন নিজের নাম। সম্প্রতি বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের যাতাকলে পৃষ্ট হয়েছিলেন করণ জোহর। সে বির্তক কিছুটা থেমে গেছে, ফের বিতর্কের মুখে পড়েছেন করণ। করণের বিরুদ্ধে একটি ওয়েব শোয়ের নাম চুরির অভিযোগ করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

ঘটনা হলো- কিছুদিন আগে বি-টাউনের তারকার স্ত্রীদের নিয়ে একটি শোয়ের ট্রেলার প্রকাশ হয়েছে। ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামের ওই শোতে সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে, সমীর সোনির স্ত্রী নীলম কোঠারিদের, শাহরুখপত্নী গৌরী খানকে দেখা গেছে। এই শোয়ের নাম নিয়েই আপত্তি তুলে টুইট করেছেন মধুর ভান্ডারকর।

টুইটারে তিনি জানিয়েছেন, একই নামে একটি প্রজেক্ট চলছে ভান্ডারকরের। ‘বলিউড ওয়াইভস’ নামটি তার কাছে চেয়েছিলেন করণ। কিন্তু তাদের ফিরিয়ে দিয়ে ছিলেন মধুর ভান্ডারকর। তারপরই ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামটি দেন করণ।

এমন ভাবে নাম নেয়া অনৈতিক উল্লেখ করে মধুর ভান্ডারকর তার টুইটে লিখেন, ‘দয়া করে আমার ক্ষতি করবেন না। নামটি বদলানোর অনুরোধ করছি আপনাদের।’ এদিকে, সোশ্যাল দুনিয়ায় মধুর ভান্ডারকরের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। করণের নামে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।