লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনকে মোকাবেলায় বেশ সতর্কতার সঙ্গে এগুচ্ছে ভারত। বিগত ছয় মাস ধরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারত ও চীন পরষ্পর মুখোমুখি অবস্থায় রয়েছে। তবে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার মধ্য দিয়ে তারা দীর্ঘ সময়ের অচলাবস্থা কাটিয়ে একটি সমাধানের দিকে অগ্রসর হতে পেরেছে বলে মনে করা হচ্ছে। তবে ভারত এক্ষেত্রে সতর্ক অবস্থায় থাকবে বলে মনে করা হচ্ছে।
দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আট দফা বৈঠকের পর এই অগ্রগতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। গত ৬ নভেম্বর চুসুলে অনুষ্ঠেয় এ বৈঠকে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতের একটি শীর্ষ সংবাদ মাধ্যমে দেশটির শীর্ষস্থানীয় এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে মুখোমুখি অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ওই কর্মকর্তাও জানান, ভারতের পক্ষ থেকে সতর্ক অবস্থা বজায় রাখা হবে।
এ আলোচনার অংশ হিসেবে উভয় দেশই বর্তমান অবস্থান থেকে তাদের ট্যাংক এবং অন্যান্য যুদ্ধাস্ত্র সরিয়ে নেবে। এছাড়া এ অঞ্চলে সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য কার্যকর অগ্রগতিও চোখে পড়বে জানা গেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই বৈঠকের আলোচ্য সূচিতে ঐকমত্য সৃষ্টি হওয়া জায়গগুলোর পরিপ্রেক্ষিতে সেনা কর্মকর্তারা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, এর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় দু দেশের সংঘর্ষে বেশ সংখ্যক সেনা হতাহত হয়। ভারতের পক্ষে ২০ জন সেনা নিহত হয় এবং চীনের পক্ষেও হতাহত হয়েছিল কিন্তু তার সংখ্যা দেশটি স্বীকার করেনি।
সূত্র: এএনআই, ইন্ডিয়া টুডে।
