যুক্তরাষ্ট্রের নেভাদায় ‘সুপার-স্পিড হাইপারলুপ’ যানে প্রথমবারের মতো মানুষের ভ্রমণের পরীক্ষা করেছে ভার্জিন হাইপারলুপ। ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে চলতে পারা এ যানের পরীক্ষা সফলভাবে শেষ করেছে প্রতিষ্ঠানটি। গালফ নিউজ জানিয়েছে, এ যানের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে দুবাই থেকে আবুধাবি যাওয়া যাবে।দুবাই-ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড’র শেয়ারহোল্ডার ভার্জিন হাইপারলুপ। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত সুপার-স্পিড হাইপারলুপ আগামীর গণপরিবহণের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব যানের গতিবেগ ঘণ্টায় হাজার কি.মি. ছাড়িয়ে যেতে পারে। যে কারণে, চলাচলে সময় কম লাগে।গালফ নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, ভার্জিন হাইপারলুপ এর আগে এখানে চারশ বারের বেশি পরীক্ষা চালিয়েছে। নেভাদার লাস ভেগাসে প্রতিষ্ঠানটির পাঁচশ মিটার ডেভলুপ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষাটি চালানো হয়।ভার্জিন হাইপারলুপ’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, চোখের সামনে ইতিহাস তৈরি হওয়ায়, আমি সত্যিই আনন্দিত। একশ বছরেরও বেশি সময় ধরে চলা পরীক্ষার পর, গণপরিবহনের আগামীর এই ব্যবস্থার সফল পরীক্ষা প্রত্যক্ষ করেছি। এই প্রযুক্তিটিকে একটি নিরাপদ ব্যবস্থায় পরিণত করতে ভার্জিন হাইপারলুপের দলের ওপর আমার সর্বদা যথেষ্ট বিশ্বাস ছিলো এবং আজ আমরা এটা করে দেখিয়েছি। আমরা মানুষ ও পণ্য পরিবহণের নতুন যুগের সূচনা করতে এক ধাপ এগিয়ে গিয়েছি।২০২৫ সালের মধ্যে নিরাপত্তা সনদ পেলে ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা শুরু করা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে ভার্জিন হাইপারলুপ।হাইপারলুপ সিস্টেম চৌম্বকীয় লিভিটেশন ব্যবহার করে নি:শব্দ ভ্রমণের অভিজ্ঞতা দেবে। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এটি বাণিজ্যিক জেট বিমানের চেয়ে দ্বিগুণ গতিতে এবং একটি হাই-স্পিড ট্রেনের চেয়ে চারগুণ দ্রুত চলতে পারবে বলে প্রতিষ্ঠানটি জানায়।
