সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। একই ধারায় ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা তথা জাতীয় যে কোনও প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী।

১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে অনুষ্ঠিত চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনা প্রধান আরও বলেন, করোনাকালীন সেবা শেষে বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে। তবে সব প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি।