কোনোভাবেই হকারদের কবল থেকে দখলমুক্ত করা যাচ্ছে না সিলেট নগরের ফুটপাত। সিটি করপোরেশন দিনের পর দিন টানা অভিযান পরিচালনার করলেও ফুটপাত ছাড়ছেন না হকারেরা। অভিযান শেষ হলেই আবারও ফুটপাতসহ রাস্তার অর্ধেক দখল করে বসছেন তারা।

নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, পোস্ট অভিসের সামনে, জেলা প্রশাসকের সামনে ছাড়াও খোদ নগর ভবনের ফটকের সামনে রয়েছে ভ্যানগাড়ি দিয়ে ফল বিক্রেতা হকারদের দৌরাত্ম্য। মূল সড়কের অর্ধেকেরও বেশি দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসছেন এইসব ফল বিক্রেতারা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এই ফল বিক্রেতা হকারদের কারণে নগরে যানজটও বেড়েছে। গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় গাড়িতে দীর্ষ সময় ধরে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘পথচারীর জন্য উন্মুক্ত’ সাইনবোর্ড টাঙানো থাকলেও সেখানে ফলমূল বিক্রি করতে দেখা যায় হকারদের। নগর ভবনের ফটকের সামনে বসে ঘড়ি, চশমা, চাবি, সবজির দোকান।

নগরবাসী বলছেন, এইসব ফল বিক্রেতাদের জন্য নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কে সহজেই চলাচল করতে পারছে না তারা। এইসব ফল বিক্রেতা হকার ও প্রশাসনের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা সম্পর্ক। তাদেরকে কিছু বলার মতো কেউ নেই। এইসব ফল বিক্রেতাদের প্রশ্রয় দিচ্ছে একটি মহল। কারা দিচ্ছে তা জানা অসম্ভব। এইসব প্রশ্রয় দেয়া বন্ধ করে দ্রুত স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার দাবি তাদের। আর সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, ফুটপাত হকারমুক্ত করতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এক পথচারী (মানিক মিয়া) বলেন, ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। কয়েকবছর ধরে নানান উদ্যোগ, অভিযান দেখছি। তবে কাজের কাজ কিছুই হয়নি। অভিযান অভিযান খেলায় জনপ্রতিনিধিরা সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চান বলেও মন্তব্য করেন তিনি।