কিং অব রোম্যান্স বাদশাহ শাহরুখ খানের ৫৫তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবা তাজ মোহাম্মদ খান। মা লতিফ ফাতিমা। হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে শাহরুখ ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে। কিন্তু অভিনয় জীবন শুরুর লক্ষ্যে ছেড়ে দেন প্রতিষ্ঠানটি। অভিনয় পাঠগ্রহণ করেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে।কিং খানের জন্মদিন মানেই কোটি কোটি ভক্তদের উৎসব। মাস খানেক আগে থেকেই তার ভক্তরা প্রিয় নায়কের জন্মদিন উদযাপনের ডাক দেন, হাজির হন শাহরুখের বাড়ির সামনে। দেশে দেশে এ অভিনেতার ভক্তরা দলবেঁধে কেক কাটেন, প্রিয় তারকার ছবি দেখেন। যেন ২ নভেম্বর মানেই শাহরুখ খান দিবস! এবারেও জন্মদিনের উৎসব চলছে। তবে করোনার কারণে তা হচ্ছে ভার্চুয়ালি।১ নভেম্বর দিন শেষে রাতের ঘড়ির কাটায় ১২টা বাজতেই শুরু হয়ে গেছে জন্মদিনের শুভেচ্ছা পাওয়া। গতরাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে এসআরকে-কে পাঠানো জন্মদিনের শুভেচ্ছায়। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের সহকর্মীরাও। সে তালিকায় রয়েছে তার পরিচালক, প্রযোজক, নায়িকারাও।

অভিনেতা হিসেবে কিং খানের পথচলার শুরু ১৯৮৯ সাল থেকে। ফৌজি টিভি সিরিজ দিয়ে শুরু হওয়া এই যাত্রায় আরও কয়েকটি টিভি ধারাবাহিকে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন তিনি।বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে। আর তাতেই কেল্লা ফতেহ! এ ছবিতে তার দুর্দান্ত কাজের জন্য অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। চমৎকার দিল আসনা হে ও রাজু বান গেয়া জেন্টলম্যান এর মতো ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি।

ঠিক তার পরের বছরই ডর ও বাজিগর ছবিতে নিজের অভিনয়ের জাদু দিয়ে সবাই মুগ্ধ করে ঘর করে নেন দর্শকের মনে, পৌঁছে যান সাফল্যের চুড়ায়।তার অভিনয়ের খ্যাতি আরও বাড়তে থাকে যশরাজ ফিল্মসের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট ছবি দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ।

করন অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ইয়েস বস, পারদেশ, দিল তো পাগল হ্যায়, ডুপ্লিকেট, দিল সে, মোহাব্বাতে, অশোকা, কাভি খুশি কাভি গাম, দেবদাস প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে মোট ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ। তার মধ্যে আটবার সেরা অভিনেতার। ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।

ব্যক্তি জীবনে তিন সন্তানের জনক শাহরুখ খান। স্ত্রী গৌরি খানের সঙ্গে মাত্র ১৮ বছরের বয়সে দেখা হয় শাহরুখের। তারপর চার বছরের সম্পর্কে থাকার পর ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।