চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও বড়ুয়াপাড়া এলাকায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. হান্নানকে (৩২) আটক করেছে র‌্যাব-৭।

রোববার (১১ অক্টোবর) সকালে র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান এ তথ্য জানান। সকাল ১১টায় র‌্যাবের চান্দগাঁও ক্যাস্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে ‍বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এ নিয়ে মামলা করা হয়।

এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালখালী উপজেলায় তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

এদিকে ছায়া তদন্তে নেমে ধর্ষণের মামলাটির দুই আসামি মো. জুয়েল (২৮) ও মো. মিন্টুকে (৩৩) গত ১৭ জুন গভীর রাতে নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ ঘটনার অন্যতম মূলহোতা ধর্ষক মো. আবু তাহের মন্টুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব।