সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনা টহলের বিষয়ে কোন তথ্য জানা নেই বলে দাবি করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ।বৃহস্পতিবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে বৈঠকটি।

বৈঠকে বিজিবির ৩টি ব্যাটালিয়ানের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল চেন নাইং উ।

বৈঠকটিতে মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আন্তরিকপূর্ণ আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে সীমান্তে যৌথ টহল নিয়মিত জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।