যশোরে দুই পক্ষের কোন্দলের জেরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরকাঘাতে দুইজন গুরুতর জখম হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর আড়পাড়া বাজারে জনসম্মুখে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন আড়পাড়া গ্রামের শাহাদাৎ ফকিরের ছেলে হায়দার আলী (৪০) ও জাহতাব ফকিরের ছেলে ইমন হোসেন (১৮)। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভতির পর চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেছেন।
আহতদের স্বজন আকাশ ও রবিন জানান, দীর্ঘদিন ধরে আড়পাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে কোন্দল চলে আসছিলো। বুধবার বিকেলে হায়দার ও ইমন বাজারে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ডিটু, মানিক, জাহাঙ্গীর ও আলামিন হামলা চালিয়ে হায়দার ও ইমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। চিকিৎসক ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন। চিকিৎসক স্বপন জানান, আহত দুই জনের মধ্যে একজনের বুকের আঘাতটি গুরুতর। অপরজনের পেটে আঘাত করার কারণে ভুড়ি বের হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
