মাদক মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে সীমান্তের বাসিন্দাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করার অভিযোগ উঠেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ভয়ে মাসের পর মাস তারা মুখ বন্ধ রাখলেও সম্প্রতি একটি ঘটনায় ফুঁসে উঠেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।

বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র পাঠিয়ে এসব ঘটনার বিচারের দাবি জানান তারা। অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন সাড়া দেননি জাহাঙ্গীর আলম। তবে, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা নন্দইলে মুদি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় যুবক উজ্জ্বল। এসময় তাকে ধরে নিয়ে যান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ ২-৩ জন পুলিশ সদস্য। পরে তাকে নির্যাতন করলেও মামলা না দেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা নেন। তারপরও ওইদিন রাতে উজ্জ্বলকে গাঁজা রাখার অপরাধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জয়পুরহাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্বজনদের।

ভুক্তভোগীর স্বজনরা জানান, উজ্জ্বলকে মারধর করার হুমকিতে টাকা চায়। পরে গরু বিক্রি করে ৯৫ হাজার টাকা দেয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ৩ বছর আগে জয়পুরহাটে যোগদানের পর থেকে জাহাঙ্গীর আলম সীমান্তবর্তী ৮টি গ্রামের শতাধিক মানুষের কাছ থেকে মিথ্যা মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এতোদিন ভয়ে মুখ না খুললেও সম্প্রতি তারা ডাকযোগে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, এলাকার লোকজনকে মাদক মামলার ভয় দেখিয়ে বিভিন্ন জনদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে; আমরা তার বিচার চাই।

জয়পুরহাট সচেতন নাগরিক সমাজ প্রতিনিধি হেলাল উদ্দীন বলেন, জাহাঙ্গীর আলমের দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করা হয়েছে। যাতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

এ সব অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার অফিস ও মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর বলেন, বিষয়টি আমরা তদন্ত করবো। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মিথ্যা মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে জাহাঙ্গীর আলম শুধু গত ৩ মাসে নান্দাইল, খাঙ্গর হাটখোলা, শ্রীমন্তপুর, উচনা, তাজপুর, পশ্চিম রামকৃষ্ণপুর, সোনাতলা ও সালুয়ার ২৫ জনের কাছ থেকে বিভিন্ন সোর্স এবং নিজে উপস্থিত থেকে ১২ লাখ ৫৮ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।