কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস গ্রামে অটো চালক বাদশা মিয়াকে হত্যা ও অটো ছিনতাইকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে চিলমারী-কুড়িগ্রাম মহাসড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকার অটোচালক শ্রমিক ও এলাকাবাসীরা এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন নিহত বাদশা মিয়ার মেয়ে বৃষ্টি, মোগলবাসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক এমদাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক তৌহিদুল বকসী ঠান্ডা, সহকারি শিক্ষক নুরুন্নবী সরকার, সিপিবি নেতা আখতারুল আলম রাজু, খমির উদ্দিন আহমেদ, মাসুদ রানা প্রমুখ।
মানবন্ধনে বক্তারা হুঁশিয়ারী দিয়ে বলেন, দ্রুত অটোচালক বাদশা মিয়ার হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করলে মারাত্নক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়ার বাসিন্দা অটোচালক বাদশা মিয়াকে হত্যা করে লাশ ফেলে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
