সারাদেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি অব্যাহত সহিংসতা, সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহ বধুকে জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সহ-সভাপতি শংকরী ঘোষ ও মধুবালা দেব, সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারাদেশে শিশু থেকে বৃদ্ধারা ধর্ষক নরপশুদের লালসার শিকার হচ্ছে। আইনের ফাঁক গলে অপরাধীরা ফিরে আসতে পারায় নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকার ধর্ষণকারী-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকর করতে পারলে এসব অপরাধ দমন নির্মূল করা সম্ভব হবে বলে জানান তারা।
