করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতি পুশিয়ে নিতে ব্যাংকগুলোকে প্রনোদনা হিসেবে স্বল্পসুদে ঋণ সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও বাউফলের ব্যাংকগুলোর অনিহার কারণে মৎস্য চাষীরা প্রনোদনা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে মৎস্য চাষীরা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন এবং অনেকে ব্যবসা গুটিয়ে ফেলতে চেষ্টা করছেন।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাউফলে ৩৬ হাজার ২৬৫টি পুকুর ও ঘের এবং ৩১ হাজার ৪৬০ জন মৎস্য চাষী রয়েছেন। এদের সিংহভাগই উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষিত। এদের মধ্যে মাত্র ১০০ জনের মতো চাষী ব্যাবসায়িকভাবে মাছ চাষ করছেন। সাধারনত জুলাই ও আগস্ট মাসে গৃহস্থদের কাছে মাছের পোনা বিক্রি করা হয়। কিন্তু করোনার কারণে তাদের উৎপাদিত মাছের পোনা এবং মাছ বিক্রি করতে পারেনি। ফলে সারা বছর মাছের পোনা উৎপাদন ও মাছ চাষের পেছনে লাখ লাখ টাকা খরচ করে তারা এখন বড় ধরণের লোকসানের মুখে পড়েছেন। জাতীয়ভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি প্রনোদনা হিসেবে স্বল্প সুদে ঋণ দেয়ার জন্য বিভিন্ন ব্যাংকগুলোকে নির্দেশনা দেন। কিন্তু বাউফলের বেশিরভাগ মাছ চাষীরাই ওই প্রনোদনা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

 

বাউফল উপজেলা মৎস্য অধিদপ্ত সূত্র জানায়, তাদের কাছে ঋণের জন্য প্রত্যয়ন চেয়ে ৫০ জন আবেদন করেছেন এবং ইতিমধ্যেই পচিশ জনকে প্রত্যয়ন দেয়া হয়েছে। কিন্তু প্রত্যয়ন করা অনেক চাষীই ঋণ পায়নি। বাউফলের মাছ চাষী দুলাল দালাল, কালাইয়ার শহিদুল ইসলাম, দাশপাড়ার মোসলেম উদ্দিন, নাজিরপুরের খলিলুর রহমান, কেশবপুরের মকবুল হোসেন, মজিবুর রহমান, আ.মালেক, পলাশ হাওলাদার এবং কালিশুরীর শিবলুসহ আরো অনেক মৎস্য চাষী ঋণের জন্য আবেদন করেও ঋণ পায়নি। এদের মধ্যে একাধিক চাষী কেশবপুর কৃষি ব্যাংকে যাওয়ার পর ঋণ দেয়া শেষ হয়ে গেছে বলে ফিরিয়ে দেয়া হয়েছে।

ওই ব্যাংকের সহকারী ব্যবস্থাপক জানান, আমরা মূলত: কৃষি কাজের উপর ঋণ দেই। সুনির্দিষ্টভাবে মৎস্য চাষের জন্য ঋণ দেয়া হয় না। তারপরও আসলে দেখা যাবে। কালিশুরী বাজারের রুপালী ব্যাংকের ব্যাবস্থাপক জানান, তাদের বরাদ্দকৃত ১৬ লাখ টাকা বিতরণ করা হয়ে গেছে। বগা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জানান, আমাদের কাছে দু’একজন এসেছেন, তাদের দাখিলকৃত কাগজপত্র দেখা হচ্ছে।

অনুসন্ধান করে জানা গেছে, ব্যাংকগুলোর অনিহা, বরাদ্দ কম এবং সুনির্দিষ্টভাবে মৎস্য চাষীদের ঋণ দেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না। ঋণ নিতে চাষীদের নিরুৎসাহিতও করা হচ্ছে।

অপরদিকে আবেদনকারীদের মধ্যে দু’একজনের পূর্বেই ঋণ নেয়া আছে বিধায় নতুন করে ঋণের ঝুঁকি নিতে চাচ্ছে না ব্যাংকগুলো। এছাড়া মৎস্য অধিদপ্তরের প্রত্যয়নপত্র ও গ্রহণ করছেন না কোন কোন ব্যাংক। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ব্যাংকগুলোর অনিহার কারণে মৎস্য চাষীরা প্রনোদনার ঋণ পাচ্ছেন না। এরফলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।