চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে যুবক হত্যা মামলার প্রধান আসামি রিফাত আলি আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রিফাত আলি চুয়াডাঙ্গা আমলী আদালতে আত্মসমর্পণ করেন। রিফাত আলি চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছি গ্রামের বদর উদ্দিনের ছেলে।
জানা যায়, তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি রিফাত আলি ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক ছিলে। হত্যার ঘটনার ৫ দিন পর রিফাত রোববার দুপুরে আমলী চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আমলী চুয়াডাঙ্গা আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে। রিফাত আলি পুলিশের গ্রেফতার এড়াতে মাথার চুল ন্যাড়া করে ফেলে ও দাড়ি রাখা শুরু করে।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে দুই মুদি দোকান কর্মচারী রিফাত আলি ও তরিকুল ইসলামের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রিফাত আলি তরিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় এক জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।
