ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা আরিফুল হকের শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে ইবি শাখা ছাত্র মৈত্রী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১ টার দিকে শাখা ছাত্রমৈত্রী স্মারকলিপি প্রদান করেন।
জানা যায়, কর্মকর্তাদের ১৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়। এর জেরে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের মত কর্মবিরতি চলাকালে বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন লাইব্রেরি শাখা কর্মকর্তা আরিফুল হক। এসময় তিনি বলেন, ‘একটা ছাত্র আসলে আবেদন পত্র লিখতে পারে না, আমি তার প্রমাণ। সার্টিফিকেট তোলার সময় আবেদন পত্র লিখতে হয়। তারা আবেদন পত্র লিখতে পারে না। তারা আমাদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় কিভাবে?
উপাচার্যের সাথে সাক্ষাৎকালে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তিনি আমাদের যোগ্যতা নিয়ে কথা তুলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তার দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।
শাখা ছাত্রমৈত্রী সভাপতি আব্দুর রউফ বলেন, ‘শিক্ষার্থীদের সেবা করার জন্য মূলত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রদান করা হয়ে থাকে। কিন্তু আরিফুল হক শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তুলেছে যা কাম্য নয়। আমরা অতি দ্রুত তার ব্যাপারে তদন্ত পূর্বক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হয়েছে। সেক্ষেত্রে এমন মন্তব্য ক্ষমার অযোগ্য। এটি গুরুতর অন্যায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে সে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবো।
