ফেনীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে জেলার দাগনভূঞা উপজেলার একটি মহিলা আলিম মাদরাসা, সোনাগাজীর একটি সাব-রেজিস্ট্রি অফিস এবং জেলা নির্বাচন অফিসের ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শহরের এসএসকে সড়কসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে নির্বাচন অফিসের ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার সংলগ্ন উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদরাসার দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
মাদরাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, আগুনে প্রতিষ্ঠানটির চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। নৈশপ্রহরী শাহজাহান আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি শহরের এসএসকে সড়কসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হয়। তবে ফেনী জেলা নির্বাচন অফিসের ফটকে আগুন দেওয়ার ঘটনাটি শুক্রবার (২৭ নভেম্বর) রাতের বলে দাবি করছেন সেখানকার কর্মচারীরা।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম জানান, শহরে সুবিধা করতে না পেরে দুর্বৃত্তরা গ্রামাঞ্চলের জনমানবহীন এলাকায় গিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাতের আঁধারে দুর্বৃত্তরা মাদরাসাটির দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ার-টেবিল ও মূল্যবান আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ন্যক্কারজনক অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাঁরা শিক্ষার আলো নিভিয়ে দিতে এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান, তাঁরাই এ ধরনের ঘৃণ্য কাজ করেছেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটির দ্রুত পুনর্গঠন ও পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ফেনীর বিভিন্ন স্থানে নাশকতা, চুরি-ডাকাতির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন