অপহরণের পর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে দীর্ঘ ২৪ বছর ছদ্মনামে আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধান শেষে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার আশঙ্কায় পলাতক থাকা আসামি মো. আজাদ ওরফে নুর আলম (৫৫)।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজাদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শান্তির বাজার এলাকার উত্তর কুহুমা (ডন কোম্পানি বাড়ি) গ্রামের আমির হোসেন ওরফে হোসেন আহাম্মদ ও সখিনা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৯ জুলাই ফেনী সদর থানায় দায়েরকৃত একটি অপহরণ ও হত্যা মামলার (মামলা নং-৫২, ধারা-৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড) পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন আজাদ। ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং পরিচয় গোপন করে ছদ্মনামে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন।
সম্প্রতি মামলাটির গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পান ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা। তিনি আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে আজাদের অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে র্যাব-১০-এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, দীর্ঘ দুই যুগ ধরে ছদ্মনামে আত্মগোপনে থাকা ওই আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ শনিবার (২৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক ও আত্মগোপনকারী অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন