টানা কয়েক সপ্তাহের আন্দোলন, বিক্ষোভ ও সংঘর্ষের পর স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুর শিল্পাঞ্চল।
মজুরি বোর্ডের নতুন বেতনকাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি কাটিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকালে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। সকাল থেকে বিভিন্ন এলাকার কারখানায় দলে দলে যোগ দেন শ্রমিকরা। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।
শনিবার সকাল ৮টা থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায়। একপর্যায়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে শ্রমিক অসন্তোষ।
আন্দোলনের সময় শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। সবশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে সরকার। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে মজুরি বোর্ডের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন অব্যাহত রাখেন। পরে বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। আন্দোলন-বিক্ষোভ ও ছুটি শেষে শনিবার সকালে কাজে ফিরেছেন শ্রমিকরা।
এদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা যায়। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতেও শ্রমিকদের উপস্থিতি ছিল।
শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-বিক্ষোভের কারণে গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হয়েছে। এতে কারখানাগুলোর পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন কাজে ফিরে উৎপাদন স্বাভাবিক করতে এবং ক্ষতি পুষিয়ে নিতে তারা চেষ্টা করবেন।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, তিন দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফিরেছেন। কোনাবাড়ী শিল্পাঞ্চলের বেসিক এলাকার সব কারখানা চালু রয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন যুগান্তরকে বলেন, কাশিমপুর থানাধীন অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। ছুটি শেষে শ্রমিকরা কাজে ফিরেছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে বাকি কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে।

মন্তব্য করুন