​দুর্যোগ মোকাবিলা ও জরুরি উদ্ধার অভিযানের দক্ষতা শাণিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সফলভাবে শেষ হয়েছে। চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসে গত ২ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলে ২৫ নভেম্বর পর্যন্ত। এতে কোস্ট গার্ডের ১৪ জন সদস্য অংশ নেন।
​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
​বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে কার্যালয় এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে। মূলত দুর্যোগকালীন দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতা চালানো, বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের সংশ্লিষ্ট বাহিনীর মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার লক্ষ্যে প্রশিক্ষণটি সাজানো হয়।
​প্রশিক্ষণের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপ্রধান মিশন ট্রিশিতা মওলা। এ সময় কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
​লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, এই যৌথ প্রশিক্ষণ দুই দেশের দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন মাত্রা দেবে। পেশাগত অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় উভয় পক্ষের প্রস্তুতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
​আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তাল মিলিয়ে সদস্যদের দক্ষতা বাড়াতে এবং বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ মহড়া ও প্রশিক্ষণ আয়োজন করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।