ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ অংশে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের চায়না কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় মো. নোমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মো. সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট বসায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। ভ্যানটি থামানোর পর চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ মো. নোমানকে আটক করে।
​পরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০টি চায়না কাপড়ের রোল উদ্ধার করা হয়। জব্দ করা কাপড়ের প্রতিটির আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৪০ লাখ টাকা।
​আটক মো. নোমান ভোলার বোরহানউদ্দিন থানার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।
​জোরারগঞ্জ থানার মামলা নম্বর-৩৭ (তারিখ ২৬/১১/২০২৬) রুজু করে ঘটনাটি তদন্তের দায়িত্ব এসআই মো. সাদ্দাম হোসেনকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।