ভোররাতের আঁধারে অবৈধভাবে বালু পাচারের চেষ্টাকালে একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট রেঞ্জের আওতাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের ঝিলতলী খাল এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ২০০ ঘনফুট বালুসহ ডাম্পার ট্রাকটি (নম্বর: চট্ট মেট্রো-শ-১১-২৭৪৬) আটক করা হয়। অভিযানে ট্রাকচালক ও তার সহযোগীসহ মোট তিনজনকে হাতেনাতে ধরা হয়। জব্দকৃত যানবাহন ও বালু পরবর্তীতে করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।
করেরহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা সুরজিত চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের টহল দল এই অভিযান পরিচালনা করে। পুরো বিষয়টি করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা ও রেঞ্জ প্রশিক্ষণার্থী মো. মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
অভিযানের বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, প্রাকৃতিক সম্পদ ও বনভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

মন্তব্য করুন