হবিগঞ্জের লাখাই উপজেলায় ৫৭ শতাংশ জমিতে ছয় ধরনের সবজি চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক আব্দুর রহমান। ইতিমধ্যে তাঁর খেতে উৎপাদিত সবজি বাজারজাত শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে দুই থেকে আড়াই লাখ টাকার সবজি বিক্রির আশা করছেন এ কৃষক। আব্দুর রহমান লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি নিজের ৫৭ শতাংশ জমিতে লাউ, ঝিঙা, টমেটো, করলা, বেগুন ও শসা চাষ করেছেন। এর মধ্যে ১০ শতাংশ জমিতে শসা, ১৫ শতাংশে লাউ, ৭ শতাংশে করলা, ১২ শতাংশে টমেটো, ৮ শতাংশে বেগুন এবং ৫ শতাংশ জমিতে ঝিঙা চাষ করেছেন।
আব্দুর রহমান জানান, সবজি চাষে এ পর্যন্ত তাঁর প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ধরনের সবজি বিক্রি শুরু করেছেন। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার সবজি বিক্রি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর দুই থেকে আড়াই লাখ টাকার সবজি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। তিনি আরও বলেন, তাঁর মতো অন্য কৃষকেরাও যদি সবজি চাষে এগিয়ে আসেন, তাহলে লাখাই উপজেলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলায় সবজি সরবরাহ করা সম্ভব হবে।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারাও প্রতিটি ইউনিয়নে মাঠপর্যায়ে কৃষক-কৃষাণীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। উপজেলার কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে তাঁরা নিরলসভাবে কাজ করছেন।