জন্মদিনের আয়োজন ও নতুন সিনেমার খবর নিয়ে আলোচনায় থাকার পর এবার মালয়েশিয়া থেকে প্রকাশিত ছবি দিয়ে অনুসারীদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমনি।

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলো কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তোলা বলে জানিয়েছেন তিনি।

ছবিতে জানালার পাশে বসে থাকতে দেখা যায় পরীমনিকে। তাঁর পরনে ছিল সোনালি ও হালকা বেইজ রঙের ফুলের নকশা করা জমকালো গাউন। পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে একটি বোতল নিয়ে পোজ দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।

তবে বোতলটি কীসের, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করছেন, এটি শ্যাম্পেন বা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে। বিষয়টি নিয়ে অনুসারীদের মধ্যেও কৌতূহল দেখা গেছে।

এদিকে, পরীমনি সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এর শুটিং করেছেন। জন্মদিনে তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ সিনেমার কথাও ঘোষণা করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সিনেমাটির শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে শেষ হয়েছে।