ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ঘোষিত ৫৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের চেয়ে ৩৮ হাজার ৮১৮ ভোটে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৬৫ হাজার ৯০৬ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮৮ ভোট।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮৪৮ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট।

আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে ভোটের ব্যবধান পরিবর্তিত হতে পারে।