দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের ওটিটি অভিষেক হতে যাচ্ছে নেটফ্লিক্সের পিরিয়ড অ্যাকশন ড্রামা সিরিজ ‘আক্কা’ দিয়ে। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
‘হিন্দুস্তান টাইমস’-এর সঙ্গে আলাপচারিতায় কীর্তি জানান, তাকে বলা হয়েছিল, বড় পর্দার তারকা হিসেবে তার ওটিটিতে কাজ করা উচিত নয়। তবে সেই পরামর্শে কান দেননি তিনি। কীর্তি বলেন, ‘তারা আমাকে বলেছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি।’
অভিনেত্রীর মতে, দীর্ঘদিন ধরে সিনেমার তুলনায় ওটিটিকে কম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হলেও এখন সেই ধারণা বদলেছে। বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর বিনোদনজগতে এসেছে বড় পরিবর্তন।
কীর্তির ভাষায়, একটি মাধ্যম অন্যটির চেয়ে নিচু নয়; বরং প্রেক্ষাগৃহ ও ওটিটি পাশাপাশি চলতে পারে। কিছু সিনেমা বড় পর্দার জন্য, আবার কিছু সিনেমা ও সিরিজ ওটিটিতে মুক্তির উপযোগী করে নির্মাণ করা হয়। তিনি সব ধরনের কাজই উপভোগ করেন, তবে শুধু কাজ করার জন্য কাজ করতে চান না।
‘আক্কা’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক তেলুগু শহর পের্নুরুকে ঘিরে। সেখানে অপরাধজগতের নিয়ন্ত্রণে থাকা তিন নারীকে ‘আক্কা’ নামে পরিচিত করা হয়েছে।
সিরিজে ভবানী নামের এক শান্ত ও সংযত স্বভাবের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন কীর্তি। তার মতে, চরিত্রটির ব্যক্তিত্ব বুঝে ওঠাই ছিল সবচেয়ে কঠিন। সাধারণত গ্যাংস্টার বলতে যে ধরনের চরিত্রের ছবি মনে ভেসে ওঠে, ভবানী তেমন নয়। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা ও একধরনের রাজকীয় ব্যক্তিত্ব।
কীর্তি সুরেশের পাশাপাশি সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। আরও রয়েছেন তন্বী আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর ও মনিকা পানওয়ার। নেটফ্লিক্স ও যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত ‘আক্কা’ আগামী ৩০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন