বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, এই তারকা দম্পতি নাকি তৃতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।
গত ২৫ অক্টোবর মুম্বাইয়ের ওরলি এলাকায় মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের একটি কীর্তন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বিরাট ও আনুশকাকে। এর আগে মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া এলাকাতেও তাদের দেখা গিয়েছিল।
অনুষ্ঠানে বিরাটের পাশে বসে কীর্তনের তালে হাততালি দিতে ও ভজন গাইতে দেখা যায় আনুশকাকে। ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে এসব আলোচনা ও জল্পনার পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান, মেয়ে ভামিকার জন্ম হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তান, ছেলে অকায়ের জন্ম হয়।
এদিকে, আনুশকাকে সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় বড় পর্দায় দেখা গিয়েছিল। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’-এর কাজ ২০২২ সালে শেষ করেন তিনি। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

মন্তব্য করুন